রুহিয়া থানা পুলিশ জুলাইয়ের ট্রমা কাটিয়ে নাগরিক সেবায় ফিরেছে

ছবি - প্রতিদিনের চিত্র

ডেস্ক নিউজঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের অন্যান্য এলাকার মতো ঠাকুরগাঁওয়ের প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছিল ছন্দপতন।


রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিশৃঙ্খলার ছায়া পড়েছিল জেলার সকল থানার কার্যক্রমেও। সেই প্রেক্ষাপটে রুহিয়া থানাটিও একসময় কার্যত স্থবির হয়ে পড়েছিল। তবে এখন সেই সংকট কাটিয়ে আবারো পুরোদমে ফিরেছে রুহিয়া থানা পুলিশ। থানা এলাকায় বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট, নিয়মিত অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হচ্ছে ওয়ারেন্টভুক্ত আসামি। ফলে কমে এসেছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।


রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করছি। মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে মাদকবিরোধী অভিযানেও আমরা ভালো সফলতা পাচ্ছি।



থানা সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে পরিচালিত অভিযানে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রুহিয়া থানাধীন বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা, সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


ওসি নাজমুল কাদের জানান, চুরি, ছিনতাই, মাদক এবং অন্যান্য ছোটখাটো অপরাধ দমনেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। রাতভর টহল, সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইতিবাচক ফল মিলছে।


রুহিয়া বাজার এলাকার বাসিন্দা রুবেল ইসলাম বলেন, আগে সন্ধ্যার পর বাইরে বের হতেও ভয় লাগত। এখন রাস্তায় নিয়মিত পুলিশ টহল দেখে স্বস্তি পাই। পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও সহানুভূতিশীল।


নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে স্কুল, কলেজ, ব্যাংক ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। থানাধীন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ বলেন, পুলিশ যখন জনবান্ধব আচরণ করে ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তখনই সাধারণ মানুষ নিরাপত্তার অনুভব করে। থানার বর্তমান কার্যক্রম সেই আস্থার জায়গা তৈরি করছে।


একসময় অচল হয়ে পড়া পুলিশি কার্যক্রম এখন আবার ফিরেছে গতিতে। প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার সঙ্গে সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রুহিয়া থানা পুলিশ যেভাবে কাজ করছে, তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থার নতুন অধ্যায় তৈরি করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url